মোঃ শাহজালাল, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের দেয়া এক প্রেস রিলিজে এ তথ্য জানায় কোস্টগার্ড।
প্রেস রিলিজে উল্লেখ করেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা এলাকার বিষখালী নদীতে বুধবার রাত ২ টায় অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড। অভিযানে একটি মাছ ধরা ট্রলার ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যানসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত সকল মালামাল ও আটককৃত চোরা কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটকদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাইবে পুলিশ।
মোঃ শাহজালাল,
বরগুনা।।


