জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে সংঘটিত বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক এবং তা নির্মূলে সরকার সক্রিয় ভাবে কাজ করছে বলে জানিয়েছেন জেলার দায়িত্ব প্রাপ্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। মাদক কেবল স্থানীয় কোনো সমস্যা নয়, বরং এটি পুরো দেশের সংকট উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজার সহ দেশজুড়ে সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, “প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ অংশীজনদের পারস্পরিক নিবিড় সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব।” পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাদক প্রতিরোধে শিগগিরই মহল্লায় মহল্লায় ‘মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি’ গঠন করা হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক দপ্তর গুলোর বিদ্যমান জনবল ও যানবাহন সংকট নিরসনে প্রয়োজনীয় টেকসই পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ বক্তব্য রাখেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণ মূলক উন্নয়ন কার্যক্রম তদারকির উদ্দেশ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


