নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলন ও মজুত করা পাঁচটি বালুর স্তূপ এবং বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন মারিশ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখতে পান, এলাকায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলন ও মজুত করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি বালুর স্তূপ ও বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তীতে ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিসার জিম্মায় দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মমিনুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুরাতন মারিশ্যা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। বেআইনিভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের ফলে নদী, ছড়া, পাহাড়ি ভূমি ও স্থানীয় পরিবেশ-প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


