ঢাকাTuesday , 28 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ব্যারিস্টার মহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    July 28, 2026 1:36 pm
    Link Copied!

    মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি

    সাবেক জাতীয় সংসদের স্পিকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশের প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮/০৭/২০২৬) উপজেলার ঐতিহ্যবাহী বেগম ফকরুলনেছা ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

    ব্যারিস্টার মহাম্মদ জমির উদ্দিন সরকার পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ভজনপুর নোয়াবাড়ি গ্রামের কৃতী সন্তান ছিলেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর তিনি গত ১২ জুলাই, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর মৃত্যুতে পঞ্চগড়সহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

    মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, প্রজ্ঞা ও জনসেবার জন্য সর্বমহলে সম্মানিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে জাতীয় রাজনীতির পাশাপাশি নিজ জন্মভূমি পঞ্চগড়ের উন্নয়নেও তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক।

    শিক্ষার প্রসারে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর প্রতিষ্ঠিত বেগম ফকরুলনেছা ফাযিল মাদ্রাসা ১৯৭৮ সালে তাঁর নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত ও উদ্বোধন করা হয়। প্রিয় মায়ের স্মৃতিকে অম্লান রাখতে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় বেগম ফকরুলনেছা ফাযিল মাদ্রাসা। এছাড়াও ভজনপুর ও আশপাশের এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় একাধিক প্রতিষ্ঠান গড়ে ওঠে।
    এলাকার মানুষের কাছে তিনি একজন অভিভাবক, শিক্ষানুরাগী ও জনহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

    দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের সভাপতি হামিদুল হাসান লাবু বলেন, “ব্যারিস্টার মহাম্মদ জমির উদ্দিন সরকার শুধু একজন জাতীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের এলাকার একজন অভিভাবক। তিনি মানুষের কল্যাণে সারাজীবন কাজ করেছেন। অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অবদান ভজনপুরসহ সমগ্র পঞ্চগড়বাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

    তিনি আরও বলেন, “এমন একজন মহান ব্যক্তিকে হারিয়ে আমরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

    দোয়া মাহফিলে ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যাপকবৃন্দ, মাঝিপাড়া মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষার্থী, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুম ব্যারিস্টার মহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করা হয়।

    উপস্থিত বক্তারা বলেন, ব্যারিস্টার মহাম্মদ জমির উদ্দিন সরকারের আদর্শ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর রেখে যাওয়া শিক্ষা, উন্নয়নমূলক উদ্যোগ ও মানবিক মূল্যবোধ পঞ্চগড়বাসীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST