আনিসুর রহমান মানিক
(পঞ্চগড়) প্রতিনিধি:
আসন্ন মহালয়া ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পঞ্চগড়ের বোদা থানায় গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বোদা থানা ক্যাম্পাসে থানার অফিসার ইনচার্জের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব মো. আবু সাইম। তিনি গ্রাম পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, আসন্ন মহালয়া ও সার্বজনীন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক সতর্ক থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত থানা পুলিশকে অবহিত করার জন্য তিনি নির্দেশনা দেন।
এ সময় গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো গুরুত্বসহকারে শোনেন এবং সম্ভাব্য সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল); মো. সোয়েল রানা, অফিসার ইনচার্জ, বোদা থানা; মো. রেজওয়ানুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত), বোদা থানা এবং থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
মতবিনিময় সভা শেষে বোদা থানার অফিসার ইনচার্জের উদ্যোগে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।


