মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভস্থ সন্তানের মৃত্যুর সঙ্গে ফার্মেসি বা ফার্মেসি থেকে দেওয়া ওষুধের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭ আগস্ট থেকে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে ফার্মেসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কাছে টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মাতৃসেবা ফার্মেসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে ফার্মেসিটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভুল ধারণার সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গর্ভস্থ শিশুটির মৃত্যুর সঙ্গে মাতৃসেবা ফার্মেসি বা ফার্মেসি থেকে দেওয়া কোনো ওষুধের সম্পর্ক নেই। এ বিষয়ে শারমিন আক্তার ও সামী মিজানুর রহমানের নামে একটি লিখিত বক্তব্য রয়েছে বলে দাবি করা হয়। সেখানে শিশুর মৃত্যুর ঘটনায় ফার্মেসির মালিকের কোনো দোষ বা দায় নেই বলে উল্লেখ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই লিখিত বক্তব্যের মূল কপি সাংবাদিকদের সামনে উপস্থাপন এবং ফটোকপি সরবরাহ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাতৃসেবা ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে একটি অ্যান্টিবায়োটিক সংক্রান্ত অসতর্কতা বা কারিগরি কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় জরিমানা করা হয়েছে বলে দাবি করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।
সংবাদ সম্মেলনে ফার্মেসির পক্ষ থেকে আরও দাবি করা হয়, বিভিন্ন প্রচারণার কারণে অনেক গ্রাহক ও রোগী বর্তমানে ফার্মেসিতে আসা বন্ধ করে দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবেও মানহানির শিকার হচ্ছে বলে দাবি করেন তারা।
তারা বলেন, “আমাদের ফার্মেসি সবসময় আসল ও মানসম্মত ওষুধ বিক্রির চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। পূর্বের কোনো অসতর্কতার জন্য আমরা অনুতপ্ত এবং ভবিষ্যতে আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা গণমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারের কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ভয় ও ভুল ধারণা দূর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।


