মো: আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ২ নভেম্বর) বিকেলে ২ নং গেট সংলগ্ন আলাওল পেট্রোল পাম্পের পাশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো: জাহাঙ্গীর (৪৬) ও আবুল হোসেন (৫০)। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে অর্থদণ্ড এবং ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সাথে ছিলেন হাটহাজারী মডেল থানা পুলিশ।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যে কোন তথ্য ও অভিযোগ উপজেলা প্রশাসন ও হাটহাজারী মডেল থানায় জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।



