জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার পৌরসভা এলাকায় বাতিল হওয়া ২১০ জন চালকের টমটম লাইসেন্স ও রোড পারমিট অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন জোরদার করছেন ভুক্তভোগীরা। টানা পাঁচ দিনের অবস্থান কর্মসূচি শেষে এবার দুই দিনের অনশন এবং প্রয়োজনে আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে কক্সবাজার টমটম চালক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতি।
গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে কক্সবাজার পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালকের কাছে দেওয়া এক চিঠিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কক্সবাজার পৌরসভার অনুমোদন পাওয়া ১ হাজারটি টমটম লাইসেন্সের তালিকায় নাম থাকা সত্ত্বেও ২১০ জন চালক ও মালিকের লাইসেন্স বাতিল করা হয়েছে। চালকেরা নির্ধারিত সরকারি ফি ট্রেজারিতে জমা দিয়ে নিয়ম মেনে লাইসেন্স নিতে আগ্রহী হলেও তা দেওয়া হচ্ছে না। ফলে গত ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা পাঁচ দিন পৌরসভা প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন চালক ও মালিকেরা।
সমিতির নেতারা জানান, পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও পৌরসভার পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। বাধ্য হয়ে তাঁরা নতুন আন্দোলন ঘোষণা করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে দুই দিনের অনশন কর্মসূচি পালন করা হবে। এতেও দাবি আদায় না হলে ২১০ জন ভুক্তভোগীর প্রতিনিধি হিসেবে সমিতির সভাপতি একাই আমরণ অনশন শুরু করবেন।
কক্সবাজার টমটম চালক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ও কক্স ইকো রাইড লিমিটেডের চেয়ারম্যান মো. আমানুল হক বলেন, আমরা সরকারি নিয়মে ফি দিয়ে লাইসেন্স নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমাদের লাইসেন্স না দেওয়ায় ২১০টি পরিবার আজ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। চালকদের রুটি-রুজির অধিকার ফিরিয়ে দিতে আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।


