মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে হিট প্রজেক্টের আওতাধীন ৩ দিনব্যাপী ” টিচিং লার্নিং মেথড-১” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়।
সোমবার (৫ অক্টোবর) বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী।
অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন HEAT SPMO-এর সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. অলক পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিট প্রজেক্টের এএসপিএম প্রফেসর ড. মো. আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। বর্তমানে ‘হিট প্রজেক্ট’-এর আওতায় শিক্ষকদের যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব দুটি—জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞান বিতরণ করা।
তিনি বলেন, শিক্ষাদান একটি সুনির্দিষ্ট বিজ্ঞান ও শিল্প। একজন প্রকৃত ‘স্টুডেন্ট ফ্রেন্ডলি’ শিক্ষক তিনিই, যিনি নিজের জ্ঞানকে চমৎকার কৌশল ও দরদ দিয়ে শিক্ষার্থীর মস্তিস্কে পৌঁছাতে পারেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের একাডেমিক কারিকুলামকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তিনি কর্মশালার সফলতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে রিসোর্স পারসন প্রফেসর ড. হ্যাপি কুমার দাসসহ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


