রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্য, নদ-নদী ও ঐতিহাসিক স্থানকে ঘিরে পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন জেলার প্রশাসন, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তাঁরা এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, অধ্যক্ষ নূর বখত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন। এছাড়া জেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সীমান্তঘেঁষা নদীমাতৃক কুড়িগ্রামে পর্যটন শিল্পের বিস্তর সম্ভাবনা রয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী নৈসর্গিক দৃশ্য, চিলমারী নদীবন্দরসহ বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণ করতে পারে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে অবকাঠামোগত উন্নয়ন, সঠিক প্রচার-প্রচারণা এবং পর্যটকদের নিরাপত্তা জোরদার করা জরুরি।
তাঁরা আরও বলেন, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কুড়িগ্রামের সম্ভাবনাময় স্থানগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে যথাযথভাবে তুলে ধরার সুপারিশ করেন বক্তারা।


