চট্টগ্রাম প্রতিনিধি:
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের দুর্গত এলাকাগুলোতে মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইউনাইটেড সিটিজেন্স ফোরাম’ (UCF) এবং ‘পথশিশু আশ্রয় কেন্দ্র’।
কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা প্রদান, নগদ অর্থ ও নতুন বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহা. মীযানুর রহমান আদীব-এর সুদূরপ্রসারী পরিকল্পনা, দিকনির্দেশনা ও সার্বিক নেতৃত্বে এই মানবিক মিশনটি পরিচালিত হয়।
বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি সামাল দেওয়া এবং দুর্গত মানুষের তাৎক্ষণিক চাহিদা পূরণে মাঠপর্যায়ে সমন্বিত ত্রাণ ও চিকিৎসা ক্যাম্পেইনে সরাসরি অংশ নেন সংগঠনের প্রেসিডিয়াম ও ভলান্টিয়ার টিম। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় আক্রান্ত ১৩০ জনেরও বেশি মানুষকে প্রয়োজনীয় বিনামূল্যে চিকিৎসা ও জরুরি ওষুধ সরবরাহ করা হয়।
এছাড়া বাসস্থান পুনর্বাসন ও জরুরি ঘরকন্নার সুবিধার্থে ৪০টিরও বেশি পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বন্যাদুর্গত এলাকার সাড়ে চারশতেরও বেশি এতিম শিশু ও স্থানীয় দুস্থ মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
মাঠপর্যায়ে স্বশরীরে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও বস্ত্র তুলে দেন সংগঠনের প্রেসিডেন্ট মুফতি আব্দুল কুদ্দুস আজিজী। পুরো কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন মুক্তার হোসেন, মফিজুল হক চৌধুরী ও মোহাম্মদ আল-আমিনসহ অন্যান্য নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দ।
কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহা. মীযানুর রহমান আদীব বলেন,
”বন্যায় সহায়-সম্বল হারানো মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমাদের প্রেসিডিয়াম ও ভলান্টিয়ার টিম অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যেও নিরলসভাবে কাজ করেছে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে যেসব প্রবাসী, বিত্তবান ও দাতা সংস্থা আর্থিক ও মানসিকভাবে সহায়তা করেছেন, তাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাদের আমানত শতভাগ স্বচ্ছতার সাথে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুর্যোগ পরবর্তী এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।

