ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় পানি প্রবাহ ও জলাধার পুনরুদ্ধারে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    admin
    July 23, 2026 7:40 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    বরগুনায় প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার, খাল-নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ, নদীভাঙন রোধ, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, জলাশয় দখলমুক্তকরণ এবং উপকূলীয় জেলেদের জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে এক অ্যাডভোকেসি সভায়।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    ফিশারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হ্যাবিট্যাট অ্যান্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফরমেশন (ফিশনেট) প্রকল্পের আওতায় প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার ও সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে পানি কমিটি ও মৎস্যজীবী নেটওয়ার্কের উদ্যোগে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন জেলা পানি কমিটির সভাপতি চিত্তরঞ্জন শীল।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শওকত ইকবাল ও মো. ওমর ফারুক।

    সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, পাথরঘাটা পানি কমিটির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সহ-সভাপতি মহিউদ্দিন এসমে, দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, ফিশনেট প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. আরিফুর রহমান, প্রজেক্ট অফিসার মো. আরাফাত রহমান, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি মো. রাসেল মাহমুদসহ পানি কমিটির সদস্য, মৎস্যজীবী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    সভায় বক্তারা বলেন, বরগুনার নদ-নদী, খাল-বিল ও জলাশয়গুলো ক্রমেই ভরাট, দখল ও নাব্যতা সংকটে পড়ছে। ফলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, নদীভাঙন ও কৃষি ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ছে। এসব সমস্যা নিরসনে পরিকল্পিতভাবে খাল পুনঃখনন, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং প্রাকৃতিক জলাধারের সংযোগ পুনঃস্থাপন জরুরি।

    আলোচনায় আরও উঠে আসে, জেলার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে। সামান্য জোয়ার ও অতিবৃষ্টিতেই অনেক এলাকায় পানি প্রবেশ করে ফসলি জমি, মাছের ঘের ও বসতবাড়ির ক্ষতি করছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের দাবি জানান বক্তারা।

    বক্তারা বলেন, নদী ও খাল দখল এবং অবৈধ স্থাপনার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব দখলদার উচ্ছেদ করে জলাশয় সংরক্ষণে প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

    সভায় উপকূলীয় জেলেদের নানা সমস্যার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, নাব্যতা সংকট, নিরাপদ নৌযান ও অবকাঠামোর অভাব এবং জীবিকার অনিশ্চয়তার কারণে উপকূলের জেলেরা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাদের টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

    প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, উপকূলীয় এলাকার পানি ব্যবস্থাপনা উন্নয়নে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের মতামত ও বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

    সভাপতির বক্তব্যে চিত্তরঞ্জন শীল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের সংকট দিন দিন বাড়ছে। তাই প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, খাল-নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই।

    আয়োজকরা জানান, ফিশনেট প্রকল্পের মাধ্যমে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের অ্যাডভোকেসি সভার মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় জনগণ ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

    মোঃ শাহজালাল
    বরগুনা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST