পঞ্চগড় প্রতিনিধি:
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা৷ হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশার কারনে বেড়েছে শীতের তীব্রতা৷ ফলে কনকন শীতে চরম ভোগান্তিতে পড়েছে এ জেলার মানুষ৷
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৮৯শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
এদিকে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে আজকের ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসই দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড৷ টানা ৮ দিন ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
জানা গেছে, গত কয়েক দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে। এতে সড়ক ও মহাসড়কে যান চলাচলেও কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষজন। কনকনে শীতের কারনে এ জেলার দিনমজুর, চা শ্রমিক, পাথর শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ শীতের কারণে নিয়মিত কাজে যেতে পারছেন না। অন্যদিকে শীতের কারনে হাসপাতালগুলোতে শীত জনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ সকাল ৯টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। আজকের তাপমাত্রা অনুযায়ী তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।



