মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে পারভেজ হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পুরাতন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভেজ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তার বাবা বর্তমানে কুমিল্লায় কর্মরত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুলতানুল আজম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হন পারভেজ। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মায়ের সঙ্গে তার সর্বশেষ কথা হয়।
শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পরিবারকে জানান। প্রথমে মরদেহটি পারভেজের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলে শরীরে থাকা বিভিন্ন চিহ্নের ভিত্তিতে পরিবারের সদস্যরা মরদেহটি পারভেজের বলে শনাক্ত করেন।
ইউপি সদস্য সুলতানুল আজম বলেন, পারভেজ মাঝে মধ্যে মাদক সেবন করতেন। শুক্রবার সকালে পুকুরে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান। স্থানীয়রা প্রথমে মরদেহ শনাক্ত করতে ব্যর্থ হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


