এম কে হাসান, কক্সবাজার থেকে//
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ৬৪ বিজিবি ব্যাটালিয়নের পৃথক মাদক বিরোধী অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালং খালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকটস্থ ক্যারাঙ্গা ঘোনা খাল এলাকায় অভিযান চালায়। রাত প্রায় ৮টা ৩০ মিনিটে মিয়ানমার থেকে আসা একজন সন্দেহ ভাজনকে দেখতে পেলে বিজিবি সদস্যরা তাকে আটকাতে এগিয়ে যায়। তবে চোরাকারবারী দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনা স্থলে তল্লাশি চালিয়ে একটি লুঙ্গি মোড়ানো খাকি রঙের প্যাকেট থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতভর চিরুনি অভিযান চালিয়েও অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি।
অন্যদিকে, রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পালং খালী বিওপি’র আরেকটি বিশেষ টহল দল আঞ্জুমান পাড়া পানির পয়েন্ট এলাকায় অভিযান চালায়। প্রায় দুপুর ১২টা ২০ মিনিটে মিয়ানমার থেকে আসা দুই চোরা কারবারীকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে খাকি রঙের প্যাকেট ভর্তি ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনাতেও কাউকে আটক করা যায়নি।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, পালিয়ে যাওয়া চোরা কারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা গুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



