সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৌর শহরের ডাকবাংলো মাঠে অবস্থিত স্বাধীনতা স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
এ সময় পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
ইউএনও মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খাঁন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক ও হাবিব মিয়া। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শিশু একাডেমির আয়োজনে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের সঞ্চালনায় মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোরদের রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া বেলা সাড়ে ১১টায় কুলাউড়া ডাকবাংলো মাঠে বিজয় দিবস উপলক্ষে তিনদিনব্যাপী বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য) উদ্বোধন করেন ইউএনও। মেলায় বিভিন্ন উদ্যোক্তা তাদের উৎপাদিত হস্তশিল্প ও স্থানীয় পণ্য প্রদর্শন করেন। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।



