(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ছোট বোন শাহানাজ বেগমের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ, চেক ডিজঅনার ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ভাই কালাম মণ্ডল। গত রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া টাওয়ার মোড়ে ভুক্তভোগী আবুল কালাম মণ্ডল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান। তিনি বলেন, এ ঘটনায় চেক ডিজঅনারের অভিযোগে আদালতে মামলাও করেছেন তিনি।
কালাম মণ্ডল উপজেলার কষ্টাপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৩ সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত অভিযোগে তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে তার কাছ থেকে শাহানাজ বেগম ১৫ লাখ টাকা ধার নেন। টাকা পরিশোধের জন্য তিনি ২০২৫ সালের ২০ আগস্ট একটি চেক দেন। গত ৩ ডিসেম্বর চেকটি ব্যাংকে জমা দিলে ‘অপর্যাপ্ত তহবিল’ উল্লেখ করে তা ডিজঅনার হয়। কালাম মণ্ডল আরও দাবি করেন, মামলা করার পর শাহানাজ বেগম তাকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং মামলা প্রত্যাহার না করলে হত্যার পর লাশ গুমের হুমকি দিয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা চেয়ে তিনি পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন।
এর আগে বিরোধ মীমাংসায় ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর কষ্টাপাড়া গ্রামে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। সালিশনামা অনুযায়ী, সেখানে কালাম মণ্ডলের ১৫ লাখ টাকা পাওনার দাবি নিয়ে আলোচনা শেষে শাহানাজ বেগমকে ৫ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। সালিশনামায় শাহানাজ বেগম ওই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ থাকলেও পরে সিদ্ধান্ত না মানায় পাওনা ১৫ লাখ টাকা ফেরতের দাবিতে ২০২৫ সালের ৪ ডিসেম্বর শাহানাজ বেগমকে লিগ্যাল নোটিশ পাঠান কালাম মণ্ডল। নোটিশে ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধের সময় বেঁধে দেওয়া হয়। পরে ২০২৬ সালের ২০ এপ্রিল চেক ডিজঅনারের অভিযোগে টাঙ্গাইল আদালতে মামলা করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কালাম বলেন, আদালতে বিচার প্রার্থনা করার কারণে তার ছোট বোন তাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন।


