আবু রায়হান, মণিরামপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদল আয়োজিত সমাবেশ থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় দুই স্থানীয় যুবনেতা গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন ৮ নম্বর হরিহর নগর ইউনিয়নের যুবদল নেতা রিপন হোসেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি ও সমাবেশে অংশ নিতে যান এই দুই নেতা।
সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহত নেতাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।


