হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পলাশ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর সদরের আড়াইবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ওই এলাকার মাসুদ ভুঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ নিজ বাড়িতে ফ্রিজ পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



