রামকৃষ্ণ দে, বান্দরবান জেলা থেকে
বান্দরবানের লামা উপজেলায় সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবন রিজিয়নের ব্যবস্থাপনায় এবং আলীকদম জোনের আয়োজনে অনুষ্ঠিত সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেল ০৩ঃ০০ ঘটিকায় ১২ আনসার ব্যাটালিয়ন, লামা এর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনালে খেলায় রূপনগর একাদশ বনাম লামা জুনিয়র একাদশ পরস্পর মোকাবেলা করে। কঠোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে রুপনগর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই টুর্নামেন্টে লামা উপজেলার মোট ২৪টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৭৭৮১ মেজর মো: মঞ্জুর মোর্শেদ, পিএসসি, জোন উপ-অধিনায়ক, আলীকদম জোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার, গজালিয়া আর্মি ক্যাম্প, সার্কেল এ্যাডজুজেন্ট ১২ আনসার ব্যাটালিয়ন, বিভাগীয় বন কর্মকর্তা লামা ও অফিসার ইন-চার্জ লামা এবং লামা উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমী দর্শনার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মেজর মো: মঞ্জুর মোর্শেদ বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় মানসম্পন্ন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। সেনাবাহিনী শুধু শান্তি ও নিরাপত্তারক্ষী নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ক্রীড়া বিকাশেও অগ্রণী ভূমিকা রাখছে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের টুর্নামেন্ট একদিন জাতীয় দলে লামা উপজেলার তরুণদের জায়গা করে দেবে।
তিনি আরও বলেন, খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। এটি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং নেতৃত্ব, সহনশীলতা ও দলবদ্ধ চেতনা গড়ে তোলে, যা জাতি গঠনে অপরিহার্য।
আয়োজকদের মতে, গত ০৫ আগস্ট ২০২৫ইং, তারিখ হতে আজ পর্যন্ত এই প্রতিযোগিতা খেলাধুলার উৎকর্ষের পাশাপাশি পাহাড়ি জনপদের সামাজিক বন্ধন, সম্প্রীতি ও ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


