জেলা প্রতিনিধি কক্সবাজার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কক্সবাজারে শুভ সূচনা হয়েছে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম। ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি জেলা প্রশাসনের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মাকসুদা খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, জেলা শিক্ষা কর্মকর্তা ও মাহবুবুর রহমান, সভাপতি, কক্সবাজার প্রেসক্লাব ।
এ ছাড়াও বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিত্ব ও সর্বস্তরের শিক্ষার্থীরা সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবির মানবতাবাদ, সাম্য ও বিদ্রোহী চেতনা আজও সমাজ ও রাষ্ট্র গঠনে সমান প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে নজরুলের সৃষ্টিকর্মের প্রতি আগ্রহী করে তুলতে হবে, যেন তারা কবির অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে পারে।
উল্লেখ্য, নজরুল বর্ষের অন্যতম প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেশব্যাপী শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে একযোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। জেলা পর্যায়ে মাসব্যাপী ও বছর ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কবির বিপুল সৃষ্টিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই সভা থেকে।


