হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুটি পশুখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত অভিযানে মৎস্য ও পশুখাদ্য বিক্রির জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, সরকার কর্তৃক অননুমোদিত ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী মেসার্স নারজু পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডকে ১০ হাজার টাকা এবং মেসার্স রিজভি পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির শিহাব। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. সুজন মিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির শিহাব বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পশুখাদ্য ও পশুর ওষুধের গুণগত মান এবং বৈধতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে


