মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
বিশ্ব ডাক দিবস ২০২৬ ও ডাক সেবা সপ্তাহ (৯-১৫ অক্টোবর ২০২৬) উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ ডাকঘর চত্বরে “চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রয় কার্যক্রম” এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ( ১২ অক্টোবর) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ও কার্যক্রমের সূচনা করেন পূর্বাঞ্চল সার্কেল (চট্টগ্রাম)-এর পোস্টমাস্টার জেনারেল জনাব শেখ সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন ও ডাক বিভাগ পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল জনাব মুহাম্মদ আব্দুল্লাহ।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডাকঘরের সঙ্গে আমার দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় চিঠি লেখা, পত্রমিতালি করা এবং ডাকটিকিট সংগ্রহের প্রতিও আমার বিশেষ আগ্রহ ছিল। প্রযুক্তির বিকাশে চিঠির জায়গা এখন অনেকটাই ই-মেইল ও ক্ষুদে বার্তা দখল করেছে। তবে চিঠির মাধ্যমে অনুভূতি প্রকাশের যে গভীরতা, আন্তরিকতা ও আবেগ ছিল, তা সহজে অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না। তিনি বলেন, আধুনিক যোগাযোগব্যবস্থার যুগেও ডাক বিভাগের গুরুত্ব কমে যায়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ডাক বিভাগের ওপর নির্ভরশীল। অন্যদিকে, ডাক বিভাগের পার্সেল সেবা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এ সেবার সুবিধা, নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে আরও ব্যাপক প্রচার চালানো হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, ডাক বিভাগের গুরুত্ব এখনো অপরিসীম। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি সরকারি ও বৃহৎ প্রতিষ্ঠানে বিভিন্ন দাপ্তরিক চিঠিপত্র, নথি ও পার্সেল আদান-প্রদানে ডাক বিভাগের প্রয়োজনীয়তা রয়েছে। তাই সময়ের পরিবর্তনে ডাক বিভাগের গুরুত্ব কমে যায়নি; বরং নতুন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এর সেবার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় ডাক অফিসের সাইফুল আলম। অনুষ্ঠানে চবি সাব-পোস্টমাস্টার মো. নুর উদ্দিন, আমন্ত্রিত অতিথি, ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


