আবু রায়হান, মণিরামপুর (যশোর):
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় মণিরামপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলার কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের মণিরামপুর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক নয়ন রায়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য স্বাবলম্বী পরিবার গঠনে সহায়তা করা। এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের উদ্দেশ্য, পদ্ধতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পরিবারভিত্তিক সঠিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।


