ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাজেকে ফের অবরোধের ঘোষণা, পর্যটনকেন্দ্র খুলতে ব্যবসায়ীদের আলটিমেটাম

    admin
    October 14, 2026 3:30 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম,
    বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। প্রশাসনের আশ্বাস অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি। অন্যদিকে, সাজেক পর্যটনকেন্দ্র দ্রুত খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন করে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় ব্যবসায়ীরা।

    বুধবার (১৪ অক্টোবর) সংগঠন দুটির যৌথ বিবৃতিতে পুনরায় অবরোধ কর্মসূচি পালনের এ ঘোষণা দেওয়া হয়।

    যৌথ বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বলেন, গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওই সময় প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণের আশ্বাস দিলে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।

    তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবিগুলো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। প্রশাসনের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় পুনরায় অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

    বিবৃতিতে অভিযোগ করা হয়, সাজেকের মাচালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সশস্ত্র গ্রুপের সদস্যরা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছেন। এ ছাড়া থালকুম্ভো, চিল্ল্যাতুলী, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলে ধরেন সংগঠন দুটির নেতারা।

    তাঁদের দাবি, এ ধরনের পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও তাঁরা মনে করেন।

    সংগঠন দুটির নেতারা জানান, স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনা এবং দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকে সাজেকে পুনরায় সড়ক অবরোধ শুরু হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

    তবে অবরোধের আওতামুক্ত থাকবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনকারী যানবাহন, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন।

    এদিকে, নিরাপত্তাজনিত কারণে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে দ্রুত সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি জানানো হয়। এ দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

    পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও সংশ্লিষ্ট মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেছেন তাঁরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে পর্যটকদের জন্য সাজেক খুলে দেওয়ার উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান মানববন্ধনকারীরা।

    উল্লেখ্য, নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা উল্লেখ করে রাঙামাটি জেলা প্রশাসন গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ ও অবস্থান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে বর্তমানে সাজেকের পর্যটন কার্যক্রম বন্ধ রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST