মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
পবিত্র কুরআনের হিফজ শিক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে গৌরবময় অর্জন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুরে অবস্থিত মদিনাতুল উলুম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। ১৫ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় মাদ্রাসাটির ৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়ে প্রতিষ্ঠানের সুনাম আরও সমৃদ্ধ করেছে।
প্রতিযোগিতায় মাদ্রাসাটির শিক্ষার্থীরা ৩০, ২০, ১০ ও ৫ পারা বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। এর মধ্যে ৩০ পারা বিভাগে ১ম ও ২য় স্থান, ২০ পারা বিভাগে ২য় স্থান, ১০ পারা বিভাগে ১ম স্থান এবং ৫ পারা বিভাগে ১ম স্থান অর্জন করে শিক্ষার্থীরা।
এমন সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পাঠদান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের ফলেই এ অসাধারণ অর্জন সম্ভব হয়েছে।
মদিনাতুল উলুম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কুরআনের জ্ঞান ও আদর্শের আলোয় শিক্ষার্থীদের আলোকিত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের লক্ষ্য—পবিত্র কুরআন হিফজের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান বকুল বলেন, “কুরআনের আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও মাদ্রাসার পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, কুরআনের শিক্ষা ও নৈতিক আদর্শকে ধারণ করে এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মদিনাতুল উলুম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা
“কুরআনের আলোয় আলোকিত হোক জীবন।” সাফল্য


