জেলা প্রতিনিধি বান্দরবান :
বান্দরবানের সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষের একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তায়িফা ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে শিশু তায়িফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।
এদিকে, শিশুটির বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, নার্গিস সুলতানা তায়িফাকে তাঁর কক্ষে নিয়ে যাচ্ছেন। পরে পুলিশ নার্গিসের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা তাঁর ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
নিহত শিশুর পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর নার্গিস সুলতানা তাঁর ভাই ইলিয়াস খানের পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। আপন ভাতিজিকে হত্যার ঘটনায় পরিবারের সবাই হতবাক। ভাইয়ের স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা। তবে এ বিষয়ে নার্গিসের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্স থেকে শিশু তায়িফা সুলতানার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলায় নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।


