জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং নাগরিক সেবা নিরবচ্ছিন্ন রাখতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পাঠানোর সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসন থেকে চারজন সরকারি কর্মকর্তাকে এই চার ইউপিতে প্রশাসক হিসেবে নিয়োগের জন্য প্রস্তাব পাঠায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮(১) বিধির বিধান অনুযায়ী এই সুপারিশ করা হয়েছে। সম্প্রতি কক্সবাজারের জেলা প্রশাসক মো. আল মান্নান স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, মহেশখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের মেয়াদ একে একে উত্তীর্ণ হয়েছে। আইন অনুযায়ী পরিষদগুলোর মেয়াদ শেষ হওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা এবং জনভোগান্তি এড়াতে এ পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছিল।
যে চার কর্মকর্তা পাচ্ছেন প্রশাসকের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশ ও জেলা প্রশাসনের চূড়ান্ত প্রস্তাবনা অনুযায়ী ৪টি ইউনিয়ন পরিষদে দায়িত্বের জন্য যাদের মনোনীত করা হয়েছে:
*শাপলাপুর ইউনিয়ন পরিষদ*:- এই ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি। এই ইউনিয়নে নতুন প্রশাসক হিসেবে মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈকত বড়ুয়া-র নাম চূড়ান্ত করা হয়েছে।
*হোয়ানক ইউনিয়ন পরিষদ*:- পরিষদটির মেয়াদ পূর্ণ হয় ২০২৬ সালের ১৩ অক্টোবর। এখানে প্রশাসনিক প্রধান বা প্রশাসক হিসেবে মহেশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব দিদার আলম-কে মনোনীত করা হয়েছে।
*মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ*:- মেগা প্রকল্পের এলাকা হিসেবে পরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয় ২০২৬ সালের ১৬ অক্টোবর। এতে প্রশাসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবদুল্লাহ আল মাসুদ-কে চুড়ান্ত করা হয়েছে।
*কুতুবজোম ইউনিয়ন পরিষদ*:- মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল ২০২৬ সালের ২০ অক্টোবর। এই ইউনিয়নে নতুন প্রশাসক হিসেবে মহেশখালী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব আবদুর রহমান দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জনভোগান্তি এড়াতে দ্রুত পদক্ষেপের আহ্বান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আল মান্নান স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ চার ইউনিয়ন পরিষদের দাপ্তরিক ও জনসেবামূলক কাজ যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেজন্য স্থানভেদে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকে উপযুক্ত কর্মকর্তাদের প্রশাসক সুপারিশ করা হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবকে (ইউপি-১ শাখা) দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ জানান জেলা প্রশাসক।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ইউনিয়ন পরিষদগুলোতে নিয়মিত নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ জরুরি সেবার দরকার হয়। নতুন প্রশাসকগণ দ্রত কাজ শুরু করলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।


