মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে নবনির্মিত দৃষ্টিনন্দন অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হলো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উদ্বোধনি অনুষ্ঠান শেষে নতুন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীববিজ্ঞান অনুষদের ডিন ও অডিটোরিয়াম নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও জীববিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
অনুষ্ঠানে চবির ডিনদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুরে এবং জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিনদের পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জীববিজ্ঞান অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্বের জায়গা। এই অনুষদের শিক্ষকরা শিক্ষা ও গবেষণায় যে অবদান রেখে চলেছেন, তা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন আমাদের লক্ষ্য হলো—এই অর্জনে সন্তুষ্ট না থেকে আরও উচ্চতর পর্যায়ে যাওয়া। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও আমরা কয়েকটি উদ্যোগ নিয়েছি।
উপাচার্য বলেন, জীববিজ্ঞান অনুষদের জন্য নতুন বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপন, ফ্যাকাল্টির নামফলক স্থাপন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও সেখানে সোলার প্যানেল স্থাপন, পানির পাম্প এবং ওয়াশরুম সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানিমেল হাউস স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।


