ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়-২ আসন: বিএনপি, জামায়াত ও এনসিপি মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায়

    admin
    August 28, 2025 8:54 pm
    Link Copied!

    পঞ্চগড় জেলা প্রতিনিধি:

    সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সংসদীয় আসন দুটি। এর মধ্যে বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড়-২ আসনটিও নানান কারণে বেশ আলোচিত। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের দখলে থাকা আসনটি এবার পুনরুদ্ধার করতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপি। তবে জুলাই অভ্যুত্থানের পর থেকেই আসনটিতে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে তৎপর জামায়াত ও এনসিপি।

    এই আসনে উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) মানুষ বসবাস করেন। বিশেষ করে বোদা উপজেলার পাঁচপীর এবং দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী ভোটারের সংখ্যা বেশি। অতীতের বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনের জয়-পরাজয়ে এসব ভোটারের বড় ভূমিকা দেখা গেছে।

    নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে এবার হিন্দু ভোটার এক লাখের বেশি। এত বিপুল সংখ্যক ভোটারের সমর্থন পেতে বেশ তৎপর বিএনপি, জামায়াত ও এনসিপি।

    পঞ্চগড়-১ আসনের মতো এখানেও পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ছোট-বড় নেতাদের এলাকায় দেখা যায় না। দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার আগে ও পরে এলাকায় কোনো তৎপরতাও দেখা যায়নি। কর্মকাণ্ড নেই জাতীয় পার্টিরও।

    জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ জাসদ, জাকের পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের সীমিত আকারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

    পঞ্চগড়-২ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড মোহাম্মদ ফরহাদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৮৮ সালে বাংলাদেশ জাতীয় পার্টির কামিজ উদ্দিন প্রধান নির্বাচিত হন। ১৯৯১ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির হয়ে মোজাহার হোসেন এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও পরে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালে এ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পঞ্চগড়-১ আসনের মতো এ আসনটিও আওয়ামী লীগ আর হাতছাড়া করেনি। ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও নূরুল ইসলাম সুজন এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

    পঞ্চগড়-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৭১০, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ২২৮ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ছিলেন তিনজন। তবে হালনাগাদ তালিকায় মৃত ভোটার বাদ দেওয়ার পর এ আসনে ভোটার বেড়েছে ১৩ হাজার ২৬৭ জন। এর মধ্যে হিন্দু ধর্মাবলম্বী ভোটার এক লাখের বেশি। তরুণ ভোটার ২৫ থেকে ৩০ হাজারের মতো।

    পঞ্চগড়-২ আসনের রাজনীতি ও ভোটের মাঠে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি যে কোনো সময়ের তুলনায় এখন বেশি সক্রিয়। এই তিন দল মাঠ গোছানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে। তিন দলের বর্তমান দলীয় কর্মসূচি পর্যালোচনা করলে স্থানীয়দের ধারণা—আগামী সংসদ নির্বাচনে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই তিন দলের মধ্যেই।

    বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ দলীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি নেতাকর্মীদের চাঙা রাখতে নানান কর্মসূচি পালন করে আসছেন। পরিবর্তিত পরিস্থিতির পর থেকে তাকে আরও বেশি সক্রিয় দেখা গেছে। তিনি প্রতিদিন তার নির্বাচনী এলাকায় উঠোন বৈঠক, সভা-সেমিনারসহ দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাচ্ছেন। এবারও দলীয়ভাবে তিনিই মনোনয়ন পেতে পারেন বলে দলের একাধিক সূত্রে জানা গেছে।

    ফরহাদ হোসেন আজাদ বলেন, “জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে নেতাকর্মীদের নিয়ে দল গোছানোর পাশাপাশি সংগঠনিকভাবে ব্যস্ত সময় পার করছি। তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিয়মিত সভা, সমাবেশ, উঠোন বৈঠক করছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারপত্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এর আগে আমি পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য পদে নির্বাচন করলেও রাতের ভোটে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এরপরও আমি বসে থাকিনি। এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে থেকেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এ আসনটি বিএনপি পুনরুদ্ধার করবে বলে আমি বিশ্বাস করি।”

    বিএনপির পাশাপাশি রাজনীতির মাঠে এখানে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী। ইতোমধ্যেই পঞ্চগড়-২ আসনে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল্লাহ সুফির নাম ঘোষণা করা হয়েছে। বর্তমান অনুকূল পরিস্থিতিতে তারাও নড়েচড়ে বসেছেন। নিজেদের মতো করে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মীরা। প্রতিদিন জেলার প্রত্যন্ত এলাকায় উঠোন বৈঠক ও সভা-সমাবেশ অব্যাহত রেখেছেন তারা।

    বিএনপি ও জামায়াতের পাশাপাশি রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী শিশির আসাদ দলীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি নেতাকর্মীদের চাঙা রাখতে নানান কর্মসূচি পালন করছেন। নিজেদের মতো করে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মীরা। সাংগঠনিক তৎপরতায় বেশি সক্রিয় দেখা যাচ্ছে স্থানীয় নেতৃবৃন্দদের। শিশির আসাদ প্রতিদিন এলাকায় উঠোন বৈঠক, সভা-সেমিনারসহ দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাচ্ছেন। এনসিপি নির্বাচনে গেলে দলীয়ভাবে তিনিই মনোনয়ন পেতে পারেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

    নিজেদের অবস্থান তুলে ধরে বিভিন্ন মন্তব্য করেছেন প্রার্থীরা।
    ফরহাদ হোসেন আজাদ বলেন, “পতিত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে যারা মাঠে থেকে দলীয় কর্মসূচি পালন করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন—তাদের মধ্য থেকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষেই কাজ করব।”

    শিশির আসাদ বলেন, “আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের একটি পার্ট। জনগণ আমাদের নতুন শক্তি হিসেবে দেখছে। আমরা সুসংগঠিতভাবে মাঠে নেমেছি। আশা করছি, জনগণ আমাদের ভোট দিয়ে বিজয়ী করবে।”

    সফিউল্লাহ সুফি বলেন, “এই এলাকা জামায়াত ঘাঁটি। আমরা জনগণের ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং জনগণ আমাদের সাড়া দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব।”

    এ ছাড়া বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ ও জোটভুক্ত গণতান্ত্রিক পার্টির আমির হোসেন আমু। তারা দুজনেই এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন।

    অন্যান্য দলের তৎপরতা
    অন্য দলের মধ্যে আগামী নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাসদের জেলা সভাপতি এমরান আল-আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কামরুল হাসান প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ব্যারিস্টার তামিয়া প্রধান, জাকের পার্টির শাহ আলম ও সিপিবির আশরাফুল ইসলামের নাম শোনা গেছে। এসব দলের পক্ষ থেকেও সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে।

    এ ছাড়া খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও পঞ্চগড়-২ আসনে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST