এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পাহাড়ে মহিষ আনতে গিয়ে মো. আরফাত নামের এক শিশু অপহরণের শিকার হয়েছে। অপহরণের পর দিন সকালে মোবাইল ফোনে কল করে শিশুটির মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গতকাল শুক্রবার ১৭ জুলাই বিকেল ৫ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত আরফাত ওই এলাকার আব্দুল মাবুদের ছেলে।
আরফাতের বাবা আব্দুল মাবুদ জানান, শুক্রবার বিকেলে পুরান পাড়া পাহাড়ের পাদদেশে মহিষ আনতে যাওয়ার পর থেকেই আরফাতের আর কোনো খোঁজ মিলছিল না। এরপর আজ শনিবার সকালে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল করে জানানো হয় আরফাত তাদের জিম্মায় আছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এই ঘটনার পর থেকে আরফাতের পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে তারা প্রশাসনের দ্রুত ও কার্যকর সহযোগিতা চেয়েছেন।
এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, শিশু অপহরণের বিষয়টি সঠিক। তবে মুক্তিপণের দাবির বিষয়টি পুলিশ এখনো আনুষ্ঠানিক ভাবে অবগত নয়। শিশুটিকে উদ্ধার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫০ জনেরও বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। তাদের অধিকাংশকেই মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও, মুক্তিপণ না পেয়ে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ভুক্তভোগী এখনো নিখোঁজ রয়েছেন, যা স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

