এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
অদ্য ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য তিন দিন মেয়াদী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্সের (৬ষ্ঠ ব্যাচ) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা, বডি-ওর্ন ক্যামেরার সঠিক ব্যবহার, অস্ত্র পরিচালনা, এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কৌশলসহ বাস্তব অভিজ্ঞতামূলক শিক্ষা লাভ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন—
জাতীয় নির্বাচন একটি সংবেদনশীল সময়। দায়িত্ব পালনের সময় আমাদের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই প্রশিক্ষণ প্রত্যেকের দক্ষতা ও মানসিক প্রস্তুতি আরও সুদৃঢ় করবে।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


