জেলা প্রতিনিধি
কক্সবাজার
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধার করা এক লাখ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আনজুমান পাড়া এলাকার ফাইস্যা খাল নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়া উপজেলার নলবনিয়া বুছারগুনা (৮ নম্বর ওয়ার্ড, বালুখালী) এলাকার নুরুল আলমের ছেলে ভুট্রো (৩৮) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির টহল দল আনজুমান পাড়ার ফাইস্যা খাল সাইদুল বাসার এর ঘেরের কাছে অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা পোটলা থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা অল্প সময়ে বেশি লাভবান হওয়ার উদ্দেশ্যে এসব ইয়াবা মিয়ানমার সীমান্ত থেকে কিনে এনে বেশি দামে বিক্রির জন্য বহন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম । তিনি জানান সীমান্ত দিয়ে মাদক সরবরাহকারী ও এই চক্রের সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক সহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।


